রাজনীতি
স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান
বিএনপির স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক আহ্বান করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানান, বৈঠকে সভাপতিত্ব করবেন তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, এটি কোনো পূর্বনির্ধারিত নিয়মিত বৈঠক নয় এবং আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট এজেন্ডাও নির্ধারণ করা হয়নি। তবে বৈঠকটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ, এ সভায় তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
দলটির একাধিক শীর্ষ নেতা মনে করছেন, জাতীয় রাজনৈতিক পরিস্থিতি, নতুন বছরের শুরু এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখনই নেতৃত্বে পূর্ণাঙ্গ রূপ দেওয়া প্রয়োজন। এ কারণেই দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান পদে দায়িত্ব নেওয়ার পরামর্শ দিয়েছেন।
এর আগে গত ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খুব শিগগিরই তারেক রহমানকে দলের চেয়ারম্যান নির্বাচিত করা হবে।
উল্লেখ্য, ২০১৮ সালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।