রাজনীতি

গুপ্ত রাজনীতির সুফল এখন ভোগ করছে একটি ছাত্র সংগঠন: নজরুল ইসলাম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ০৮:৪৪ পিএম

গুপ্ত রাজনীতির সুফল এখন ভোগ করছে একটি ছাত্র সংগঠন: নজরুল ইসলাম
নজরুল ইসলাম খান। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের সময় গোপনে রাজনীতি করার সুফল এখন বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে একটি ছাত্র সংগঠন পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ওপর আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, দীর্ঘদিন বিএনপির ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে স্বাভাবিক কার্যক্রম চালাতে পারেনি। অথচ যারা বর্তমানে ছাত্র সংসদে নির্বাচিত হয়েছেন, তারা আগের সরকারের সময়ে গোপনে সংগঠন পরিচালনা করেছেন। তার ভাষায়, একটি ছাত্র সংগঠন ক্ষমতাসীন সরকারের সময় গুপ্ত রাজনীতির মাধ্যমে নিজেদের সংগঠিত করেছে এবং এখন নির্বাচনে তার ফল ভোগ করছে, যা বিএনপি সমর্থন করে না।

তিনি আরও বলেন, দেশে স্থিতিশীল পরিবেশ ফিরে এলে ছাত্রসমাজ বাস্তবতা বুঝে নিজেদের মতো করে সিদ্ধান্ত নেবে।

খালেদা জিয়ার রাজনৈতিক অবদান প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, সারাজীবন মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে গেছেন তিনি। তার সেই সংগ্রামের ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি। তিনি বলেন, খালেদা জিয়া একটি আদর্শ রেখে গেছেন, যা বিএনপির জন্য অনুপ্রেরণা। একই সঙ্গে তারেক রহমান তার বাবা ও মায়ের আদর্শ ধারণ করে রাজনীতিতে এগিয়ে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

গণতন্ত্রে উত্তরণ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ভালো কাজের পথে বাধা থাকবেই। যারা দেশের কল্যাণে কাজ করতে চায়, তাদের প্রতিপক্ষও থাকবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে যারা প্রার্থী হয়েছেন, তাদের বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটি সিদ্ধান্ত নেবে। প্রার্থিতা প্রত্যাহারের সময় এখনো শেষ হয়নি উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, দলীয় শৃঙ্খলার প্রতি আস্থা রেখে সংশ্লিষ্টরা সিদ্ধান্ত নেবেন।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা জরুরি বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।