রাজনীতি
দেশের সংকটময় মুহূর্তে তারেক রহমানের দিকে তাকিয়ে আছে জনগণ: মির্জা ফখরুল
দেশের বর্তমান কঠিন সময়ে সাধারণ মানুষ গভীর আশাবাদ নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে আছে—এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের সূচনালগ্নে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, একটি অত্যন্ত চ্যালেঞ্জিং সময়ে দলের নেতা তারেক রহমান বিদেশ থেকে দেশে ফিরেছেন। এ মুহূর্তে সারাদেশের মানুষ বুকভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে রয়েছে।
তিনি আরও জানান, গণমাধ্যমের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেছিলেন তারেক রহমান নিজেই। সেই আগ্রহের ফলেই আজ সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময়ের আয়োজন সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয় এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
বেলা সোয়া ১১টার দিকে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় শুরু হয়। এতে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক এবং বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন।