রাজনীতি

দুর্বল প্রার্থীরা সবল প্রার্থীর বিরুদ্ধে কথা বলবেই: মির্জা আব্বাস


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:০৪ পিএম

দুর্বল প্রার্থীরা সবল প্রার্থীর বিরুদ্ধে কথা বলবেই: মির্জা আব্বাস
মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনে যারা তুলনামূলকভাবে দুর্বল অবস্থানে রয়েছেন, তারাই সাধারণত শক্তিশালী প্রার্থীদের বিরুদ্ধে বক্তব্য দেন।

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন।

প্রতিপক্ষ প্রার্থীদের সমালোচনার প্রসঙ্গ টেনে মির্জা আব্বাস বলেন, তিনি হঠাৎ করে রাজনীতিতে আসেননি বা ভেসে ওঠা কেউ নন। নির্বাচনে অংশগ্রহণ করে তিনি কোনো ধরনের অপরাধ করেননি বলেও দাবি করেন তিনি। এ সময় ‘মবোক্রেসি’ বা জনতার শাসন সব জায়গায় কার্যকর নয় বলেও মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে মির্জা আব্বাস ব্যালট পেপারের কিছু অসংগতির দিকে দৃষ্টি আকর্ষণ করেন। তার অভিযোগ, ব্যালটে যে চিত্র দেখা যাচ্ছে তা উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। বিষয়টি দ্রুত সংশোধনে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

তিনি জানান, বিএনপি আনুষ্ঠানিক প্রচারণায় না গিয়ে সরাসরি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখার কৌশল নিয়েছে।

গত মঙ্গলবার ঢাকা-৮ আসনের এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতি ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, এসব বক্তব্যকে তিনি গুরুত্ব দিচ্ছেন না। তবে কেউ যদি এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি বা ‘মব’ তৈরির চেষ্টা করে, তাহলে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তিকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মির্জা আব্বাস। তার মতে, কিছু প্রার্থী ইচ্ছাকৃতভাবে উসকানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইছেন, যাতে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, যেকোনো ধরনের উসকানি থেকে দূরে থাকুন। বিএনপির নেতাকর্মীরা সতর্ক রয়েছে এবং কোনো প্ররোচনায় পা দেবে না।

এ সময় মির্জা আব্বাসের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, পল্টন থানা বিএনপির আহ্বায়ক এস এম আব্বাস, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান শাকিলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।