রাজনীতি

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকারী শান্তকে ক্রেস্ট উপহার দিলেন তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০৪:০৬ পিএম

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকারী শান্তকে ক্রেস্ট উপহার দিলেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় দেশের সর্বোচ্চ স্থান অর্জনকারী জাহাঙ্গীর আলম শান্তকে শুভেচ্ছা ও ক্রেস্ট উপহার দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে শান্তের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

উপহার প্রদানকালে তারেক রহমান শান্তকে উদ্দেশ্য করে বলেন, “তুমি শুধু তোমার পরিবারের নয়, সারা বাংলাদেশের গর্ব।” ভিডিওতে দেখা যায়, শান্ত তারেক রহমানকে তাঁর গ্রামের বাড়িতে যাওয়ার আমন্ত্রণ দেন এবং নিজের জন্য দোয়া চেয়ে নেন। জবাবে তারেক রহমান বলেন, “ইনশাল্লাহ যাব। এরপরে যখন আরেকটা বেস্ট রেজাল্ট করবে, তখন ইনশাল্লাহ আমাকে ফোন দিবে। ফোন করে আমাকে কি ডাকবে? আঙ্কেল বলবে। বলবে যে আঙ্কেল, আমি এই রেজাল্ট করেছি।”

শান্ত নরসিংদীর বেলাবো উপজেলার সন্তান। তিনি বারৈচা রেসিডেন্সিয়াল মডেল হাই স্কুল থেকে এসএসসি পাস করেন এবং উচ্চ মাধ্যমিকের জন্য ঢাকায় এসে তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান কলেজে ভর্তি হন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপির ভেরিফায়েড পেজে উপহার দেওয়ার মুহূর্তের ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে দেখা যায় শান্ত ও তার বাবা কিছুক্ষণ তারেক রহমানের সঙ্গে আলাপচারিতা করছেন।