রাজনীতি

খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা শুরু, সপরিবারে এলেন তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৫:১২ পিএম

খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা শুরু, সপরিবারে এলেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-কে স্মরণ করে রাজধানীতে শুরু হয়েছে ‘অপরাজেয় বেগম খালেদা জিয়া’ শীর্ষক নাগরিক শোকসভা। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শোকসভা শুরু হয়।

দুপুর থেকেই মানিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অতিথিরা আসতে শুরু করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানসহ দলের শীর্ষস্থানীয় নেতারা।

শোকসভায় সভাপতিত্ব করেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরাও উপস্থিত ছিলেন। আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানে প্রবেশের জন্য পূর্বনির্ধারিত আমন্ত্রণপত্র থাকা বাধ্যতামূলক; অন্য কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

নাগরিক শোকসভায় মরহুমার রাজনৈতিক জীবন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা এবং রাষ্ট্র পরিচালনায় তার অবদান নিয়ে বক্তারা বিস্তারিত আলোচনা করবেন। সভার শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানস্থলের চারপাশে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় তাকে জিয়া উদ্যানে দাফন করা হয়।