রাজনীতি
শুধু একটি দেশের বিরুদ্ধে কথা বললেই দেশপ্রেমিক হওয়া যায় না: মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, শুধু একটি দেশের বিরুদ্ধে কথা বললেই দেশপ্রেমিক হওয়া যায় না। আগে নিজের দেশকে ভালোবাসতে হবে, তারপর অন্য দেশের বিরুদ্ধে বক্তব্য দিতে হবে।
তিনি বলেন, “আমি ও আমরা একটি বিশেষ দেশের বিরুদ্ধে অতীতেও সংগ্রাম করেছি, এখনও করছি এবং ভবিষ্যতেও করবো। কিন্তু এর অর্থ এই নয় যে, শুধু সেটার কারণেই আমরা বেশি দেশপ্রেমিক।”
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচা ভবন মিলনায়তনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত মাল্টিমিডিয়া রিপোর্টারদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, “তোমরা সবাই তরুণ। এই বয়সেই বুঝে নিতে হবে- কারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক, আর কারা দেশের বিরুদ্ধে অবস্থান নেয়।”
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, “তিনি বলেছিলেন—আমি দেশের স্বার্থ নিয়ে কথা বলবো। এতে যদি অন্য কারও স্বার্থে আঘাত লাগে, তাতে আমার কিছু আসে যায় না। আমিও একই কথা বলছি, অন্য দেশের বিরোধিতা করে দেশপ্রেম শেখানো যায় না। নিজের দেশকে ভালোবেসে কথা বলতে হবে।”
গণভোট প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, ‘হ্যাঁ’ কিংবা ‘না’ যার যেটা প্রয়োজন, সে সেটিতেই ভোট দেবে। এটাই মানুষের গণতান্ত্রিক অধিকার। তবে জোর করে কাউকে কোনো নির্দিষ্ট পক্ষে ভোট দিতে বাধ্য করা যায় না। এই বিষয়টি সবাইকে মেনে নিতে হবে।