রাজনীতি

ডোনাল্ড ট্রাম্পকে ছাড়িয়ে বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১২:৫০ পিএম

ডোনাল্ড ট্রাম্পকে ছাড়িয়ে বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় তারেক রহমান
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় জায়গা করে নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক মাধ্যম বিশ্লেষণভিত্তিক আন্তর্জাতিক প্ল্যাটফর্ম সোশ্যাল ব্ল্যাড প্রকাশিত শীর্ষ ১০০ ফেসবুক কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তার অবস্থান ৬৩তম, যা তাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়েও এগিয়ে রেখেছে।

রোববার (১৮ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সোশ্যাল ব্ল্যাডের প্রকাশিত তালিকা অনুযায়ী, ফেসবুকে কনটেন্ট পোস্টের পরিমাণ, আলোচনার মাত্রা এবং ব্যবহারকারীদের সম্পৃক্ততার (এনগেজমেন্ট) ভিত্তিতে এই র‌্যাঙ্কিং নির্ধারণ করা হয়। এসব সূচকে তারেক রহমানের পারফরম্যান্স ডোনাল্ড ট্রাম্পের তুলনায় এগিয়ে থাকায় তিনি উচ্চতর অবস্থান অর্জন করেছেন।

সোশ্যাল ব্ল্যাডের তথ্যমতে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে বর্তমানে মোট লাইক সংখ্যা ৫৫ লাখ ৭৬ হাজার ৭৭৬। পাশাপাশি ‘টকিং অ্যাবাউট’ বা সক্রিয় আলোচনায় যুক্ত ব্যবহারকারীর সংখ্যা ১৬ লাখ ৪৮ হাজার ৯৭২, যা তার পেজের উচ্চমাত্রার জনপ্রিয়তা ও প্রভাবের প্রমাণ দেয়।

এই ধারাবাহিক পারফরম্যান্সের ভিত্তিতে সোশ্যাল ব্ল্যাডের সামগ্রিক র‌্যাঙ্কিংয়ে তারেক রহমানের অবস্থান ৪২তম এবং পেজটি পেয়েছে সর্বোচ্চমানের ‘এ++’ গ্রেড। গত ১৪ দিনে তার ফেসবুক পেজে প্রায় ৪৮ হাজার নতুন লাইক যুক্ত হয়েছে। গড়ে প্রতিদিন লাইক বৃদ্ধির হার ৩৯ হাজারেরও বেশি বলে জানায় প্ল্যাটফর্মটি।

ফেসবুক কার্যক্রম, কনটেন্ট শেয়ার, আলোচনা ও এনগেজমেন্টের পরিসংখ্যান বিশ্লেষণ করে সোশ্যাল ব্ল্যাড উল্লেখ করেছে— বর্তমানে তারেক রহমানের ফেসবুক পেজটি বিশ্বব্যাপী অন্যতম সক্রিয় ও প্রভাবশালী রাজনৈতিক ফেসবুক পেজে পরিণত হয়েছে।

সোশ্যাল ব্ল্যাডের ব্যাখ্যা অনুযায়ী, যেসব ব্যক্তি বা পেজকে ঘিরে ফেসবুকে সবচেয়ে বেশি কনটেন্ট তৈরি, শেয়ার ও আলোচনা হয়, তাদেরই ‘কনটেন্ট ক্রিয়েটর’ হিসেবে বিবেচনা করা হয়। সেই হিসেবে তারেক রহমান বর্তমানে বিশ্বের শীর্ষ রাজনৈতিক নেতা ও প্রভাবশালী ব্যক্তিত্বদের তালিকায় একটি উল্লেখযোগ্য অবস্থান ধরে রেখেছেন।