রাজনীতি

জুলাই যোদ্ধাদের দেখভালের প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০২:২৬ পিএম

জুলাই যোদ্ধাদের দেখভালের প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতায় গেলে জুলাই-অগাস্ট আন্দোলনের যোদ্ধাদের দেখভালের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে একটি নতুন বিভাগ গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে চব্বিশের গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার ও গুরুতর আহতদের সঙ্গে মতবিনিময় সভায় এই ঘোষণা দেন তিনি।

তারেক রহমান বলেন, “বিএনপি যখন দেশের দায়িত্বে ছিল, তখন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গঠন করা হয়েছিল। একাত্তরের মুক্তিযোদ্ধাদের পরিবারের কল্যাণ দেখভাল মূল মন্ত্রণালয় করে থাকে। আগামী বিএনপি সরকারের সময়ে জুলাই আন্দোলনের যোদ্ধাদের জন্য একটি আলাদা বিভাগ খোলা হবে, যাতে তাদের সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করা যায়।”

তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনে প্রায় ৩০ হাজার মানুষ আহত হয়েছেন। এর মধ্যে কেউ কেউ এক চোখ হারিয়েছেন, কেউ দুই চোখই হারিয়েছেন, অনেকেই পঙ্গু হয়েছেন। সেই সময় দেড় হাজারের মতো মানুষ নিহত হয়েছেন, যা আমরা গণহত্যা হিসেবে বিবেচনা করতে পারি।”

বিএনপি চেয়ারম্যান মন্তব্য করেন, “জুলাই আন্দোলনের শহীদ ও আহতরা যে সাহসিকতা দেখিয়েছেন, তার কারণে ফ্যাসিবাদী শক্তি শুধু ক্ষমতা থেকে নয়, দেশের বাইরে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। ২০২৪ সালের আন্দোলন কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়, এটি অধিকারহারা মানুষের গণ-আন্দোলন। স্বাধীনতা রক্ষার আন্দোলনকে কেউ যদি দলীয় স্বার্থের সঙ্গেযুক্ত করতে চায়, তার বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকতে হবে।”

তিনি জানান, আহতদের জন্য দুইভাবে ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে— এক, রাষ্ট্রীয় উদ্যোগে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা এবং দুই, ব্যক্তিগত যোগ্যতা ও রাজনৈতিক সক্ষমতার ভিত্তিতে অর্থনৈতিক সহায়তা প্রদান। “হতাহতদের প্রতি রাষ্ট্রের অবশ্যই দায়িত্ব রয়েছে। জনগণের রায়ে সরকার গঠিত হলে পর্যায়ক্রমে তা পূরণ করবে বিএনপি,” বলেন তারেক রহমান।

সভায় তিনি আরও বলেন, “নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যর্থ হলে এভাবেই শোক সমাবেশ চলতে থাকবে, কিন্তু গণতন্ত্রকামী মানুষ আগামী বাংলাদেশে গণতন্ত্রের বিজয়গাঁথা রচনা করবে।”