রাজনীতি

ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণে রাজনীতি করি: তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১০:২৬ পিএম

ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণে রাজনীতি করি: তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

ক্ষমতা অর্জনের লক্ষ্য নয়, বরং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই তার রাজনীতির মূল উদ্দেশ্য- এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে কড়াইলবাসীর জন্য আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

তিনি জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান হওয়াই তার সবচেয়ে বড় পরিচয় নয়; বরং তিনি নিজেকে জনগণের সন্তান হিসেবে ভাবতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। দেশের সর্বস্তরের মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।

বক্তব্যে তারেক রহমান বলেন, মা ও বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং কৃষকদের সহায়তার লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কড়াইল বস্তির শিশুদের জন্য মানসম্মত শিক্ষা ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। এ এলাকার সন্তানরা যেন বিদেশি ভাষায় পারদর্শী হয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে সে লক্ষ্যে কাজ করার কথাও জানান।

আবাসন সংকট নিরসনে ছোট আকারের ফ্ল্যাট নির্মাণ এবং একটি নতুন ক্লিনিক স্থাপনের পরিকল্পনার কথাও তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, ঘর হারানোর কষ্ট কী—তা তিনি অনুভব করেন বলেই সাধারণ মানুষের দুঃখ তাকে স্পর্শ করে।

সবশেষে চব্বিশের গণ-আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, আল্লাহর রহমত ও জনগণের দোয়া থাকলে এসব উন্নয়নমূলক উদ্যোগ দ্রুত বাস্তবায়নে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।