রাজনীতি
সন্ধ্যায় সিলেট যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ বুধবার সন্ধ্যায় সিলেটের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সিলেট থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করবেন।
গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে আয়োজিত এক দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় এ তথ্য জানান তারেক রহমান নিজেই। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এ ঘোষণা দেন।
তারেক রহমান বলেন, “বুধবার আমি সিলেট চলে যাব। ইনশাআল্লাহ, পরশুদিন সিলেট থেকেই আমরা অফিশিয়ালি আমাদের নির্বাচনী প্রচারণার কাজ শুরু করব। কাল বিকেলে প্লেনে যাব আমি এবং আমার স্ত্রী ডা. জুবাইদা রহমান।”
তিনি আরও জানান, প্রচারণায় ব্যবহৃত গাড়িগুলো আগেভাগেই পাঠানো হবে। তার ভাষায়, “যে গাড়িগুলো আমরা ব্যবহার করব, সেগুলো সকালেই রওনা হয়ে যাবে।”
দলীয় সূত্র জানিয়েছে, সিলেটে পৌঁছানোর পর তারেক রহমান স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে একাধিক সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন এবং নির্বাচনী কৌশল নিয়ে দিকনির্দেশনা দেবেন। সিলেট থেকেই বিএনপির দেশব্যাপী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।