রাজনীতি

বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে : মাহদী আমিন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০২:১৮ পিএম

বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে : মাহদী আমিন
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন। ছবি: সংগৃহীত

আলাপ-আলোচনার পরও যারা নির্বাচনের মাঠে থেকে যাবেন, তাদের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

বুধবার সকালে রাজধানীর গুলশান ৯০ নম্বর সড়কে অবস্থিত বিএনপির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের পূর্ণাঙ্গ কর্মসূচিও তুলে ধরেন।

ড. মাহদী আমিন জানান, ঘোষিত তফসিল অনুযায়ী বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে তারেক রহমানের সিলেট সফরের মধ্য দিয়ে। তিনি আজ বুধবার রাত ৮টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেটে পৌঁছাবেন। পৌঁছানোর পর গভীর রাতে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

আগামীকাল সকালে তিনি সিলেট আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। এরপর দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে অংশ নেবেন। যাত্রাপথে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন।

পরবর্তী সময়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল মাঠে, বিকেলে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। এরপর যাত্রাপথে নরসিংদী পৌর পার্ক সংলগ্ন এলাকায় সমাবেশে অংশ নিয়ে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার ও রূপগঞ্জের গাউছিয়া এলাকায় নির্বাচনী সভায় যোগদান করবেন। সব কর্মসূচি শেষে গভীর রাতে তিনি গুলশানস্থ নিজ বাসভবনে ফিরবেন।

সিলেট সফরে তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে থাকবেন আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, মামুন হাসান, আব্দুল মোনায়েম মুন্না, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, ইয়াসিন ফেরদৌস মুরাদ ও রাকিবুল ইসলাম রাকিবসহ বিএনপির একদল ত্যাগী ও সংগ্রামী তরুণ নেতা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ রাত ১২টা ১ মিনিটে, অর্থাৎ ২২ জানুয়ারির সূচনালগ্নে বিএনপির নির্বাচনী থিম সং উদ্বোধন করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এক প্রশ্নের জবাবে ড. মাহদী আমিন বলেন, “আমরা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। যদি সত্যিকার অর্থে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয় এবং জনগণের ভোটাধিকার যথাযথভাবে মূল্যায়িত হয়, তাহলে বিএনপি সরকার গঠন করবে—এ বিষয়ে আমরা আশাবাদী।”

বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হলেও এখনো নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রার্থীদের সঙ্গে আলোচনা চলছে। বিএনপির শীর্ষ পর্যায় থেকেও তাদের সঙ্গে কথা বলা হবে। এরপরও কেউ নির্বাচনের মাঠে থাকলে, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”