রাজনীতি
মাইলস্টোন ট্র্যাজেডি: হতাহতদের পরিবারের সঙ্গে কথা বললেন তারেক রহমান
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান।
বুধবার (২১ জানুয়ারি) গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে সড়কে তিনি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন। এ সময় হতাহত শিশুদের খোঁজখবর নেন এবং তাদের কাছ থেকে বিভিন্ন দাবি ও অভিযোগ সংবলিত একটি স্মারকলিপি গ্রহণ করেন।
সাক্ষাতে এক আহত শিশুর মা বলেন, আহত শিশুদের চিকিৎসার জন্য ৫ লাখ টাকা এবং নিহত শিশুদের পরিবারকে ২০ লাখ টাকা দেওয়া হয়েছে। তিনি প্রশ্ন তুলে বলেন, একটি শিশুর জীবনের মূল্য কি এতটুকুই? অনেক শিশুর একাধিক অপারেশন প্রয়োজন, অথচ এখন বিমানবাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহায়তা বন্ধ করে দেওয়া হয়েছে। চিকিৎসার জন্য হাসপাতালে গেলে সেখানেও নানা হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
আরেক আহত শিশুর মা জানান, তার সন্তানের বাবা নেই। মাইলস্টোনের ওই দুর্ঘটনায় আহত হওয়ার পর শিশুটি এখন আর স্বাভাবিকভাবে হাঁটতে পারছে না।
পরিবারগুলোর বক্তব্য শোনার পর তারেক রহমান তাদের ধৈর্য ধারণের আহ্বান জানান এবং সহযোগিতার আশ্বাস দেন।
হতাহতদের পরিবারের পক্ষে এক বাবা জানান, তাদের মূল দাবিগুলো লিখিত আকারে স্মারকলিপিতে তুলে ধরা হয়েছে। তিনি বলেন, প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে— বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের শহীদ মর্যাদা দিয়ে গেজেট প্রকাশ, আহত শিশুদের আজীবন পুনর্বাসন ও হেলথ কার্ড প্রদান, এবং স্মৃতি সংরক্ষণের জন্য উত্তরা এলাকায় একটি মসজিদ বা মাদরাসা স্থাপন। পাশাপাশি জয়নুল আবেদিনের দায়ের করা রিটের বাস্তবায়নও তারা চান।
তিনি আরও বলেন, তারেক রহমান বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে জানিয়েছেন, সময়ের সীমাবদ্ধতার কারণে এখন বিস্তারিত আলোচনা সম্ভব হয়নি। তবে শিগগিরই তিনি পরিবারগুলোর সঙ্গে বসে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন।