রাজনীতি

বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্যমন্ত্রী আবু সাইয়িদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৭:১৭ পিএম

বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্যমন্ত্রী আবু সাইয়িদ
ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক আওয়ামী লীগ নেতা অধ্যাপক আবু সাইয়িদের বিএনপিতে যোগদান দলীয়ভাবে অনুমোদিত।

যোগদানের পর আবু সাইয়িদ বলেন, সাম্প্রদায়িকতা, মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে চলমান রাজনৈতিক লড়াইয়ের অংশ হিসেবেই তিনি বিএনপিতে যোগ দিয়েছেন।

আবু সাইয়িদ আসন্ন জাতীয় নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই আসনে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নজিবুর রহমান প্রার্থী হয়েছেন। পাশাপাশি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শামসুল হক।

এ আসনে আগে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ধানের শীষ প্রতীকে নির্বাচন করলেও দলীয় হাইকমান্ডের নির্দেশে তিনি পরে প্রার্থিতা থেকে সরে দাঁড়ান। বিএনপির প্রার্থী চূড়ান্তকরণ বা সমঝোতার বিষয়ে প্রশ্ন করা হলে অধ্যাপক আবু সাইয়িদ বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিএনপি।

অধ্যাপক আবু সাইয়িদ দেশের সংবিধান প্রণয়ন কমিটির একজন সদস্য ছিলেন। তিনি ১৯৭৩ সালে প্রথম সংসদ ও ১৯৯৬ সালে সপ্তম সংসদ নির্বাচনে পাবনা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে শেখ হাসিনার সরকারে তিনি তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে তিনি ভিন্ন ভিন্ন দল থেকে নির্বাচনে অংশ নেন। ১৯৯১ সালে পঞ্চম সংসদ নির্বাচনে বাকশালের প্রার্থী, ২০০১ সালে অষ্টম সংসদে আওয়ামী লীগের প্রার্থী, ২০১৪ সালে দশম সংসদে স্বতন্ত্র প্রার্থী এবং ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে গণফোরামের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

বিএনপিতে যোগদানের আগের দিন, মঙ্গলবার রাতে অধ্যাপক আবু সাইয়িদ বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বলেও জানা গেছে।