রাজনীতি

শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০৮:৩৮ এএম

শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন তারেক রহমান
শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন তারেক রহমান। ছবি: সংগৃহীত

সিলেটে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার সন্ধ্যায় সিলেট সফরের অংশ হিসেবে তিনি পবিত্র এই দুই দরগাহে গিয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

বুধবার সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জোবাইদা রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।

বিমানবন্দর থেকে সরাসরি শাহজালাল (র.) মাজারের উদ্দেশে রওনা হন তারেক রহমান। রাত ৮টা ৫২ মিনিটের দিকে তার গাড়িবহর শাহজালাল (র.) মাজার এলাকায় পৌঁছায়। সেখানে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাজার জিয়ারত করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন। পরে তিনি শাহজালাল (র.) মাজার মসজিদে এশার নামাজ আদায় করেন এবং সেখানে কিছু সময় অতিবাহিত করেন।

এরপর রাত ১১টা ২০ মিনিটের দিকে তিনি হযরত শাহপরান (র.)-এর মাজারে পৌঁছান। সেখানেও তিনি মাজার জিয়ারত ও দোয়া-মোনাজাত করেন। এ সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও স্থানীয় দলীয় নেতাকর্মীরা।

তারেক রহমানের এই সফর ও মাজার জিয়ারতকে কেন্দ্র করে সিলেট নগরীতে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা।