রাজনীতি

‘দুলাভাই দুলাভাই’ স্লোগানে সিলেটে তারেক রহমানকে উষ্ণ সংবর্ধনা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১০:৩৩ এএম

‘দুলাভাই দুলাভাই’ স্লোগানে সিলেটে তারেক রহমানকে উষ্ণ সংবর্ধনা
ছবি: সংগৃহীত

মা বেগম খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করে সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর লক্ষ্যে সিলেটে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনী কার্যক্রম শুরু করার আগে বুধবার (২১ জানুয়ারি) রাতে তিনি সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেন।

তারেক রহমান মাজার প্রাঙ্গণে পৌঁছালে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ‘দুলাভাই দুলাভাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে শাহজালাল (র.) মাজার এলাকা ও আশপাশের সড়ক। তাকে এক নজর দেখতে ভিড় করেন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। মাজার প্রাঙ্গণে প্রবেশের সময় উপস্থিত নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং স্লোগান ও করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান।

শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত শেষে তারেক রহমান হযরত শাহপরান (র.)-এর মাজারে যান। সেখানে মাজার জিয়ারত ও দোয়া-মোনাজাত শেষে তিনি স্ত্রী ডা. জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে যাওয়ার কথা রয়েছে। সেখানে মিলাদ ও দোয়া মাহফিলের পাশাপাশি কেক কাটার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এই সমাবেশের মাধ্যমে সিলেট থেকেই তার নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের বিয়ে হয়। জুবাইদা রহমান সাবেক নৌবাহিনী প্রধান ও ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা। তারেক রহমানের সিলেট সফর ও কর্মসূচিকে ঘিরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।