রাজনীতি
সিলেটের সমাবেশে তারেক রহমান বললেন ‘জেতানোর মালিক আল্লাহ’
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জেতানোর মালিক একমাত্র আল্লাহ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১টার দিকে সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সমাবেশের মঞ্চে উপস্থিত হন।
বক্তব্যের একপর্যায়ে তারেক রহমান সমাবেশ থেকে ওমরাহ পালন করে আসা এক ব্যক্তিকে মঞ্চে ডেকে নেন। তাকে উদ্দেশ করে তিনি প্রশ্ন করেন, ‘আপনি তো কাবা শরীফে গিয়েছেন, কাবা শরীফের মালিক কে?’
সমাবেশে উপস্থিত সবাই মুসলমান- উল্লেখ করে তিনি আরও জানতে চান, এই দুনিয়া, জান্নাত ও জাহান্নামের মালিক কে? জবাবে ওই ব্যক্তি বলেন, ‘আল্লাহ।’
এরপর তারেক রহমান বলেন, ‘আপনারা সবাই সাক্ষী দিলেন- দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, সবার মালিক আল্লাহ। জেতার মালিকও আল্লাহ। সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না।’
তিনি বলেন, ‘নির্বাচনের আগেই একটি দল বলছে- এইটা দিবো, ওইটা দিবো, টিকিট দিবো। কিন্তু জেতার মালিক মানুষ না। জেতার মালিক আল্লাহ। এ কথা বাদ দিয়ে যদি কেউ অন্য কিছু বলে, তাহলে সেটা শিরকের শামিল।’