রাজনীতি
করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করে বলেছেন, একটি সংগঠিত গোষ্ঠী পরিকল্পিতভাবে ভোট প্রক্রিয়া নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তারা ভোটারদের এনআইডি কার্ড সংগ্রহ করছে, মা-বোনদের বিকাশ নম্বর নিচ্ছে এবং প্রবাসীদের ব্যালট পেপার দখলের অপচেষ্টা চালাচ্ছে। তিনি প্রশ্ন তুলে বলেন, গত ১৫ বছর যারা ভোট ডাকাতি করেছে, তাদের সঙ্গে এদের পার্থক্য কোথায়? বাস্তবে কোনো পার্থক্য নেই—দু’পক্ষই একই গোষ্ঠীর অংশ।
শুক্রবার (২৩ জানুয়ারি) ভোর রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
তারেক রহমান বলেন, একজন ষড়যন্ত্র করছে, আরেকজন সেই ষড়যন্ত্রের সুযোগ নিয়ে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতা দখল করেছে। দেশের গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ভোটের দিন সবাই তাহাজ্জুদ নামাজ আদায় করবেন এবং ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে পড়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন।
তিনি আরও বলেন, ধানের শীষের সরকার গঠিত হলে দেশ ও মানুষের জন্য কাজ করার সুযোগ তৈরি হবে। “আমরা কাজ করবো, দেশ গড়বো—সবার আগে বাংলাদেশ”—এই লক্ষ্য নিয়েই বিএনপি এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি।
ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, অভাবী ও দরিদ্র পরিবারগুলোর জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যাতে তারা ধীরে ধীরে স্বাবলম্বী হতে পারে। কৃষকদের জন্য ন্যায্য মূল্যসহ সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে রূপান্তর করে দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এসব পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে তিনি সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ। এ ছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জনসভা শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচনের দাবিতে গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।