রাজনীতি

নির্বাচন বানচালের ষড়যন্ত্র জনগণ কখনো মেনে নেবে না: মির্জা ফখরুল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১০:৪৫ এএম

নির্বাচন বানচালের ষড়যন্ত্র জনগণ কখনো মেনে নেবে না: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

সহিংসতার মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করার যেকোনো ষড়যন্ত্র দেশের জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া রুদ্ধ করার অপচেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

বৃহস্পতিবার রাতে কেরাণীগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতা হাসান মোল্লাকে গুলি করার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, এই ন্যক্কারজনক ও বর্বর হামলার ঘটনায় আমরা গভীর ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করছি। সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে দেশের নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং গণতান্ত্রিক অভিযাত্রা থামিয়ে দেওয়ার যে কোনো ষড়যন্ত্র জনগণ কখনো মেনে নেবে না। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে, ইনশাআল্লাহ।

জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে রাজধানীর উপকণ্ঠ কেরাণীগঞ্জের হযরতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, হাসান মোল্লার পেটের ডান পাশে গুলি লেগেছে।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তা আজ মারাত্মক হুমকির মুখে পড়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি অবিলম্বে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

একই সঙ্গে হামলার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে এ ধরনের সহিংসতা আরও বাড়বে, যা গণতন্ত্র ও নির্বাচনী পরিবেশের জন্য মারাত্মক হুমকি।