রাজনীতি

পাকিস্তানি বাহিনীকে সাহায্যকারীদের হাতে ক্ষমতা গেলে দেশ টিকবে না: মির্জা ফখরুল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০৯:০৬ পিএম

পাকিস্তানি বাহিনীকে সাহায্যকারীদের হাতে ক্ষমতা গেলে দেশ টিকবে না: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

একাত্তরে যারা পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী ছিল, তাদের হাতে রাষ্ট্রক্ষমতা গেলে বাংলাদেশের অস্তিত্বই ঝুঁকির মুখে পড়বে- এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁওয়ের দেবিপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম ও শোলটহরি বাজারে নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল আমাদের গর্বের ইতিহাস। সবাই মিলে রক্ত দিয়ে একটি স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি। কিন্তু যারা সেই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, যারা পাকিস্তানি সেনাদের সহায়তা করেছিল- তাদের হাতে কি দেশের দায়িত্ব তুলে দেওয়া যায়? তিনি প্রশ্ন রেখে বলেন, যারা স্বাধীনতা চায়নি, তাদের ক্ষমতায় বসালে দেশ টিকে থাকবে না।

তিনি অভিযোগ করেন, ওই শক্তিগুলো এখন কথার ফুলঝুরি ছড়ালেও আজও একবারের জন্যও স্বীকার করেনি যে তারা একাত্তরে ভুল করেছিল। তিনি জাষ্ঠিভাঙ্গার ঘটনার কথা উল্লেখ করে বলেন, সেখানে তার হিন্দু ভাইদের গুলি করে হত্যা করা হয়েছিল—সেই স্মৃতি আজও মানুষ ভুলে যায়নি। তিনি বলেন, হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলেই বাংলাদেশ গড়তে চায় বিএনপি।

নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, তার বিরুদ্ধে ১১১টি মামলা দেওয়া হয়েছে এবং তিনি ১১ বার কারাবরণ করেছেন। তবে কোনো অপরাধের জন্য নয়, বরং ভোটাধিকার ও মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলনের কারণেই তাকে জেলে যেতে হয়েছে। এতে তার কোনো আক্ষেপ নেই বলেও জানান তিনি। তিনি বলেন, যারা নিপীড়ন চালিয়েছিল, তারা আজ দেশ ছেড়ে পালিয়েছে।

মির্জা ফখরুল দাবি করেন, বর্তমান প্রেক্ষাপটে বিএনপি ছাড়া আর কেউ দেশকে সঠিক পথে এগিয়ে নিতে পারবে না। অতীত অভিজ্ঞতা থেকেই তিনি এ কথা বলছেন উল্লেখ করে ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে উন্নয়নমূলক কাজ আরও গতিশীল হবে।

গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ভোটাধিকার নিশ্চিত করা জরুরি উল্লেখ করে তিনি বলেন, ভোটের অধিকার আদায়ের জন্য বিএনপি দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করেছে। তাই দেশ রক্ষার স্বার্থেই সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি।

প্রচারণাকালে বিএনপি মহাসচিব ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন, লিফলেট বিতরণ করেন এবং এলাকার উন্নয়ন নিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দেন। এ সময় জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।