রাজনীতি
তারেক রহমানের ফ্যামিলি কার্ড মা-বোনদের সংসারে অনেক কাজে আসবে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে প্রস্তাবিত ‘ফ্যামিলি কার্ড’ নারীদের ক্ষমতায়নের একটি কার্যকর হাতিয়ার হবে। এই কার্ডের মাধ্যমে মা-বোনেরা তাদের সংসারের নানান প্রয়োজনে উপকৃত হবেন।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল জানান, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে কৃষকদের জন্য আলাদা কৃষি কার্ড চালু করা হবে, যাতে তারা সরাসরি সুবিধা পান। পাশাপাশি স্বাস্থ্য কার্ডের মাধ্যমে সাধারণ মানুষ সহজ ও সাশ্রয়ী চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন বলেও তিনি উল্লেখ করেন।
পথসভায় উপস্থিত ভোটারদের উদ্দেশে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, স্বাধীনতার জন্য দেশের মানুষ নিজেরাই অস্ত্র হাতে লড়াই করেছে। কেউ বাইরে থেকে এসে যুদ্ধ করে দেয়নি, আর তখন দেশ ছেড়ে পালিয়েও যায়নি। তিনি অভিযোগ করেন, যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ ভিন্ন প্রতীকে ভোট চাইতে মাঠে নেমেছে। জনগণই বিচার করবে তারা স্বাধীনতার পক্ষে ছিল, নাকি বিপক্ষে।
বিএনপি মহাসচিব বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। সে লক্ষ্যে তিনি ঠাকুরগাঁও-১ আসনের ভোটারদের কাছে সমর্থন ও ভোট চান।
তিনি আরও বলেন, জনগণের সমর্থন পেলে সংসদে গিয়ে তিনি এলাকার উন্নয়নে কাজ করে যাবেন।
পথসভায় বক্তব্যের একপর্যায়ে মির্জা ফখরুল তার পূর্ববর্তী সময়ে সংসদ সদস্য হিসেবে করা বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। এ সময় মঞ্চে উপস্থিত কয়েকজন ভোটারও তার আমলে এলাকার উন্নয়নের চিত্র তুলে ধরে বক্তব্য দেন।