রাজনীতি

আজ চার জেলায় ছয় জনসভা করবেন তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৯:০০ এএম

আজ চার জেলায় ছয় জনসভা করবেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে আজ রবিবার চট্টগ্রামসহ চার জেলায় ছয়টি নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী মাঠে সক্রিয় এই কর্মসূচিকে ঘিরে সংশ্লিষ্ট এলাকাগুলোতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

গতকাল শনিবার গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তারেক রহমানের চট্টগ্রাম সফর ও আজকের জনসভাগুলোর বিস্তারিত সূচি প্রকাশ করেন বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

সূচি অনুযায়ী, দ্বিতীয় ধাপের নির্বাচনী প্রচারণায় আজ বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম নগরের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে তারেক রহমানের প্রথম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এ জনসভাকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এরপর বিকেলে তিনি ফেনীর উদ্দেশে রওনা হবেন। বিকেল ৪টায় ফেনী পাইলট স্কুল খেলার মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি বক্তব্য দেবেন। সেখানে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতির প্রস্তুতি নেওয়া হয়েছে।

ফেনী থেকে সরাসরি কুমিল্লায় যাবেন বিএনপি চেয়ারম্যান। বিকেল সাড়ে ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে আয়োজিত জনসভায় অংশ নেবেন তিনি। উল্লেখযোগ্য বিষয় হলো, দীর্ঘ ২৪ বছর পর রাজনৈতিক সফরে কুমিল্লা যাচ্ছেন তারেক রহমান, যা স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করেছে।

একই দিনে কুমিল্লা জেলায় আরও দুটি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সন্ধ্যা ৭টায় সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীর ডিগবাজি মাঠে এবং সন্ধ্যা সাড়ে ৭টায় দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পৃথক দুটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে।

নির্বাচন সামনে রেখে এই সফরকে কেন্দ্র করে কুমিল্লা জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। জনসভাগুলো সফল করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।

এদিকে, কুমিল্লার কর্মসূচি শেষে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জে একটি নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। রাত সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে এ জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। সেখানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও চট্টগ্রাম মহানগর বিএনপির নেতারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ দলের শীর্ষস্থানীয় নেতারা।