রাজনীতি

জনগণই হচ্ছে বিএনপির সকল ক্ষমতার উৎস: তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৮:২৫ পিএম

জনগণই হচ্ছে বিএনপির সকল ক্ষমতার উৎস: তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশের সাধারণ মানুষ। জনগণই দলের সকল ক্ষমতার উৎস। আমরা যা বলি, তা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করব।

রোববার (২৫ জানুয়ারি) ফেনী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ফেনী তার নানাবাড়ির এলাকা হওয়ায় এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবিগুলো তিনি গুরুত্বের সঙ্গে দেখেন। বিএনপি সরকার গঠন করলে ফেনীতে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপন করা হবে। পাশাপাশি ফেনী অঞ্চলে ইপিজেড স্থাপন করে স্থানীয় মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি বলেন, গ্রাম পর্যায়ে চিকিৎসা পৌঁছে দিতে সারা দেশে হেলথকেয়ার ব্যবস্থা চালু করা হবে। এর মাধ্যমে ঘরে ঘরে মা-বোনদের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে, যাতে সাধারণ রোগের জন্য মানুষকে দূরে হাসপাতালে যেতে না হয়।

নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর অঞ্চলের উন্নয়ন চাহিদার কথা উল্লেখ করে তিনি বলেন, এই এলাকার মানুষের যেমন বিএনপির কাছে দাবি আছে, তেমনি বিএনপিরও জনগণের কাছে একটি প্রত্যাশা রয়েছে—ধানের শীষকে বিজয়ী করা।

তারেক রহমান বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে মানুষের ভোটের অধিকার দমন করা হয়েছিল। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতনের পর এখন দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ এসেছে। এই সময় রাজনৈতিক প্রতিপক্ষ নিয়ে ব্যস্ত না থেকে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

নারী ও কৃষকদের জন্য বিশেষ কর্মসূচির ঘোষণা দিয়ে তিনি বলেন, নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করা হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে পুরো মাসের প্রয়োজন মেটানো না গেলেও অন্তত কিছু দিনের অভাব লাঘব হবে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দেশজুড়ে হেলথকেয়ার ব্যবস্থা চালু করা হবে। দুর্নীতি দমন এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে হলে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করতে হবে। দেশনেত্রী খালেদা জিয়ার এলাকা হিসেবে ফেনীর মানুষের দায়িত্ব আরও বেশি বলে মন্তব্য করেন তিনি।

ভোটের অধিকার রক্ষায় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ভোটের দিন ভোরে উঠে নামাজ আদায় করে কেন্দ্রে যাবেন, নিজের ভোট নিজে দিয়ে নিশ্চিত হয়ে তবেই বাড়ি ফিরবেন। কোনো ষড়যন্ত্র যেন ভোটাধিকার কেড়ে নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, ধানের শীষ যতবারই রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে, ততবারই মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে। আগামীতে সরকার গঠন করতে পারলে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম নতুন করে শুরু করা হবে।