রাজনীতি
বিএনপি ছাড়া দেশ পরিচালনার সুস্পষ্ট পরিকল্পনা কেউ দেয়নি: তারেক রহমান
কুমিল্লার চৌদ্দগ্রামে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের জনগণের সামনে বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক দল এখনো দেশ পরিচালনার সুস্পষ্ট পরিকল্পনা উপস্থাপন করতে পারেনি। তিনি অভিযোগ করেন, অন্য রাজনৈতিক দলগুলো পরিকল্পনা দেওয়ার পরিবর্তে শুধু সমালোচনা ও বদনাম করতেই ব্যস্ত।
রোববার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় চৌদ্দগ্রাম পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ কথা বলেন।
তিনি বলেন, ৫ আগস্টের পরিবর্তনের পর দেশের মানুষের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। সেই প্রত্যাশা পূরণে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। তিনি দাবি করেন, বিএনপির দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা রয়েছে এবং দলটি জানে কীভাবে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হয়।
ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। তবে সরকার একবারে সব দায়িত্ব নেবে—এমন কথা বিএনপি কখনো বলেনি উল্লেখ করে তিনি বলেন, ধাপে ধাপে জনগণের প্রয়োজন পূরণ করা হবে। একটি নির্বাচিত সরকারের পাঁচ বছরের মেয়াদের মধ্যেই যত দ্রুত সম্ভব ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হবে।
কৃষকদের প্রসঙ্গে তারেক রহমান বলেন, কৃষক কার্ডের মাধ্যমে সার, বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ সরাসরি কৃষকদের হাতে পৌঁছে দেওয়া হবে। এ বিষয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, রাজনীতিতে কথা দিয়ে কথা রাখতে হয়। যদি জনগণকে ধোঁকা দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে কেউ বিশ্বাস করবে না।
তিনি আরও ঘোষণা দেন, আগামী ১২ ফেব্রুয়ারি বিএনপি নির্বাচনে বিজয়ী হলে সারা দেশে খাল খননের কাজ শুরু করা হবে। সরকার গঠন করতে পারলে চৌদ্দগ্রাম থেকেই খাল খননের কার্যক্রমের উদ্বোধন করা হবে।
বেকারত্ব নিরসনে তারেক রহমান বলেন, বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী শ্রমিকদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র ও ভাষা শিক্ষা চালু করা হলে তারা আরও ভালো চাকরি পেতে সক্ষম হবে। পাশাপাশি ঘরে বসে উৎপাদন করা নারী উদ্যোক্তাদের জন্য ক্ষুদ্র ঋণ ও পণ্য রপ্তানির ব্যবস্থার কথাও জানান তিনি।
ধর্মীয় সেবার বিষয়ে তিনি বলেন, মসজিদের ইমাম ও খতিবদের জন্য মাসিক সম্মানী ভাতা দেওয়া হবে। এছাড়া তাদের জন্য কম্পিউটারসহ বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি হয়।
সমাবেশ শেষে তারেক রহমান উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে ‘করব কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান দেন।
এর আগে দুপুর থেকেই চৌদ্দগ্রাম এইচ. জে. পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ভিড় জমতে থাকে। রাত সাড়ে ৮টার দিকে সমাবেশস্থলে পৌঁছালে তারেক রহমান হাত নেড়ে উপস্থিতদের শুভেচ্ছা জানান।