রাজনীতি
ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে আনতে হবে: তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি গোষ্ঠী আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, যাতে আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত করা যায়। এ বিষয়ে সবাইকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু ভোট দিলেই দায়িত্ব শেষ নয়—ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে আনতে হবে।
সোমবার বিকেলে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, “১২ তারিখে ইনশাআল্লাহ, যারা মুসলমান ভাই আছেন তারা তাহাজ্জুদ নামাজ আদায় করে ভোরে নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে আদায় করবেন। যারা অন্য ধর্মের ভাই-বোনেরা আছেন, তাদেরকেও সঙ্গে নিয়ে যাবেন, যেন সবাই সকাল সকাল ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে সঠিকভাবে ভোট দিতে পারেন।”
তারেক রহমান আরও বলেন, “ভোট দিয়ে চলে আসলে হবে না। ভোট দেওয়ার পরও সেখানে থাকতে হবে, যাতে আপনার দেওয়া ভোটের হিসাব ঠিকভাবে বুঝে আনতে পারেন। পারবেন তো? ইনশাআল্লাহ পারবেন।”
জনসভায় তিনি ঘোষণা দেন, বিএনপি ক্ষমতায় গেলে হাতিয়া উপজেলার প্রধান সমস্যা নদীভাঙন স্থায়ীভাবে রোধ করা হবে। তিনি বলেন, “আমি আপনাদের সমস্যাগুলো লিখে রাখলাম। বিএনপি ক্ষমতায় গেলে টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ নদীভাঙন রোধের কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। ব্লক বাঁধের মাধ্যমে এই এলাকার সৌন্দর্য আরও বৃদ্ধি করা হবে।”
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “১২ ফেব্রুয়ারি আপনারা ধানের শীষকে জয়যুক্ত করুন। ভোটের পরে আমি নিজে আপনাদের দেখতে আসব। তখন একসঙ্গে বসে আপনাদের কথা শুনব।” তিনি আরও বলেন, “বিএনপি জনগণের দল। এই দল ক্ষমতায় গেলে দেশের সবচেয়ে বড় ক্ষমতার মালিক হবে জনগণ।”
মা-বোনদের উদ্দেশে তারেক রহমান বলেন, “আপনারা দেশের উন্নয়নের গর্বিত অংশীদার। আপনাদের জন্য আমরা ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ নানা সুযোগ-সুবিধার ব্যবস্থা করব।”
এ সময় নোয়াখালী-৬ আসনে বিএনপির প্রার্থী মো. মাহবুবের রহমান শামিমকে পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, “এই শামিমকে আমি আপনাদের হাতে তুলে দিলাম, তার হাতে তুলে দিলাম ধানের শীষ। তাকে জয়যুক্ত করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। শামিম হবে এই এলাকার উন্নয়নের প্রতীক।”
জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন নোয়াখালী-৬ আসনে বিএনপির প্রার্থী মো. মাহবুবের রহমান শামিম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুজ্জামান হাফিজসহ বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা।