রাজনীতি

পরিবেশ সুরক্ষায় বিএনপির ব্যতিক্রমী প্রচারণা, লিফলেট থেকেই গজাবে চারা গাছ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৫:২৭ পিএম

পরিবেশ সুরক্ষায় বিএনপির ব্যতিক্রমী প্রচারণা, লিফলেট থেকেই গজাবে চারা গাছ
ছবি: সংগৃহীত

নির্বাচনী প্রচারণায় পরিবেশ সুরক্ষার ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে বিএনপি। বগুড়া-৬ (সদর) আসনে ধানের শীষের পক্ষে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা হচ্ছে অভিনব ও পরিবেশবান্ধব ‘সিড পেপার’ বা বীজযুক্ত লিফলেট, যা ভোটারদের দৃষ্টি কেড়েছে।

সাধারণত নির্বাচনী লিফলেট ব্যবহারের পর তা আবর্জনায় পরিণত হয়। তবে এই প্রচারণায় ব্যবহৃত লিফলেটগুলো একেবারেই ভিন্ন। বিশেষ প্রক্রিয়ায় তৈরি এই কাগজের ভেতরে মেশানো রয়েছে টমেটো, মরিচসহ নানা ধরনের শাকসবজির বীজ। লিফলেটটি মাটিতে ফেললে বা পুঁতে দিলে কিছুদিনের মধ্যেই তা চারা গাছে রূপ নেয়।

প্রচারণার সঙ্গে যুক্তরা জানান, কাগজের মণ্ড তৈরির সময়ই উন্নতমানের সবজি বীজ সংযুক্ত করা হয়েছে, ফলে কাগজটি প্রাকৃতিকভাবে পচে গিয়ে বীজ অঙ্কুরোদগমে সহায়তা করে। এতে একদিকে যেমন প্রচারণার বার্তা পৌঁছাচ্ছে, অন্যদিকে বাড়ছে সবুজায়ন।

স্থানীয় ভোটারদের মধ্যেও এই উদ্যোগ ইতিবাচক সাড়া ফেলেছে। তারা বলছেন, প্লাস্টিক ও সাধারণ কাগজের বর্জ্যের পরিবর্তে এমন পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার নিঃসন্দেহে প্রশংসনীয়। অনেকেই মনে করছেন, রাজনৈতিক প্রচারণায় এই ধরনের সৃজনশীল উদ্যোগ অন্য প্রার্থীদের জন্যও অনুকরণীয় হতে পারে।

পরিবেশ রক্ষা ও সচেতনতার বার্তা নিয়ে পরিচালিত এই প্রচারণা এবারের নির্বাচনী মাঠে নতুন এক মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।