রাজনীতি
তারেক রহমানের ওপর বিশ্বাস রাখুন, বাংলাদেশ ঠকবে না: পার্থ
ভোলা-১ সদর আসনের বিএনপি জোট প্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, তারেক রহমানের নেতৃত্বের ওপর আস্থা রাখলে বাংলাদেশ কখনো ক্ষতিগ্রস্ত হবে না।
তিনি বলেন, “তারেক রহমানের ওপর বিশ্বাস করে দেখুন, বাংলাদেশ ঠকবে না।”
মঙ্গলবার বিকেলে ভোলা সদর উপজেলার উত্তর দীঘলদি ইউনিয়নের বালিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে পার্থ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের সমালোচনা করে বলেন, “একটি ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে-এমন বিশ্বাস শিরকের শামিল। কেউ যদি এভাবে ভোট চাইতে আসে, তাহলে তাকে বলবেন-ভোট চাইতে সমস্যা নেই, কিন্তু ধর্মকে বিক্রি করবেন না। কেয়ামতকে ভয় করুন, কারণ কেয়ামত নির্বাচনের চেয়েও অনেক বড়।”
উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, গত কয়েক বছরে এ এলাকার মানুষের প্রকৃত জীবনমানের উন্নয়ন হয়নি; বরং কেবল দৃশ্যমান কিছু প্রকল্প দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আপনারা আমাকে বিশ্বাস করুন। আপনারা আমার বাবাকে বিশ্বাস করেছেন, একসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বিশ্বাস করেছেন, পরে খালেদা জিয়াকে বিশ্বাস করেছেন। এবার তারেক রহমানের ওপর বিশ্বাস করে দেখুন-বাংলাদেশ ঠকবে না।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, সদস্য সচিব রাইসুল আলম, বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি রতন মিয়া, সাধারণ সম্পাদক মোতাসিন বিল্লাহসহ জেলা বিএনপি ও বিজেপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।