রাজনীতি
বেয়াদবের কপাল সব সময়ই খারাপ হয়: মির্জা আব্বাস
ঢাকা–৮ আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি শেখ সাদীর কবিতার একটি লাইন বলতে চাই—বে-আদব, বে-নসিব; বা-আদব, বা-নসিব। অর্থাৎ, বেয়াদবের কপাল সব সময়ই খারাপ হয়, আর আদব-কায়দা থাকলে কপাল ভালো থাকে।’
বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর মতিঝিলের ব্রাদার্স ক্লাব মাঠে এক গণজমায়েতে তিনি এ কথা বলেন।
বিএনপি প্রতিপক্ষের সঙ্গে কোনো বিবাদে যাবে না উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, বিজয় এখন দ্বারপ্রান্তে। কোনো উসকানিমূলক বক্তব্য বা কর্মকাণ্ডে জড়িয়ে সেই বিজয় নষ্ট করা যাবে না।
তিনি বলেন, কিছু পক্ষ অসৎ উদ্দেশ্যে দেশকে দুর্বল করে রাখতে চায়। তবে আসন্ন ১২ ফেব্রুয়ারির ভোটের মাধ্যমে জনগণ এর জবাব দেবে। বিএনপির সামনে কোনো দল টিকে থাকতে পারবে না—এই বাস্তবতা মেনে নেওয়ার সময় এসেছে।
মির্জা আব্বাস আরও বলেন, বিএনপির কর্মীরা উচ্ছৃঙ্খল নন এবং দলটি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে। নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে কালিমালিপ্ত করতে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তার দাবি, যাদের নির্বাচনি অভিজ্ঞতা নেই, তারাই বিএনপিকে হেয় করার চেষ্টা করছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে তা হতে হবে উৎসবমুখর।
কিছু তরুণের আচরণে শালীনতার অভাব দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের আচরণ রাজনীতির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে।
উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে সবাইকে সংযম বজায় রাখার আহ্বান জানান মির্জা আব্বাস।