রাজনীতি

১২ ফেব্রুয়ারি ধানের শীষের ভূমিধস বিজয় হবে: সালাহউদ্দিন আহমদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৪:৩৫ পিএম

১২ ফেব্রুয়ারি ধানের শীষের ভূমিধস বিজয় হবে: সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে দলটির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে দলটির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে জনগণের রায় আসবে এবং বিএনপি ভূমিধস বিজয় অর্জন করবে।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে চকরিয়ার সাহারবিল বিএমএস উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচনের মধ্য দিয়ে জনগণ আবারও রাষ্ট্রের প্রকৃত মালিকানা ফিরে পাবে। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, প্রত্যেকে নিজ নিজ ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করবেন এবং পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করবেন।

তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার জন্য সুস্পষ্ট কর্মসূচি ও পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরেছে। জনগণ যদি সেগুলো গ্রহণযোগ্য মনে করে, তাহলে বিএনপিকেই ভোট দেবে। একইভাবে অন্যান্য রাজনৈতিক দলও তাদের পরিকল্পনা উপস্থাপন করবে এবং জনগণ যার কর্মসূচি পছন্দ করবে, তাকেই ভোট দেবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে ধর্মের নামে ভোট চাওয়ার অপচেষ্টা থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিএনপির এই নেতা বলেন, ভবিষ্যতে বাংলাদেশে যেন আর কোনো গুমের ঘটনা না ঘটে এবং কোনো মাকে যেন সন্তান হারানোর বেদনায় ভুগতে না হয়—এমন একটি রাষ্ট্র গঠনে বিএনপি কাজ করবে। গণতন্ত্রের জন্য যারা সংগ্রাম করেছেন, তাদের যথাযথ সম্মান নিশ্চিত করার কথাও জানান তিনি।

নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘ ৩৫ বছর ধরে তিনি এলাকার মানুষের পাশে রয়েছেন। কারাবন্দি থাকার কারণে ২০০৮ সালের নির্বাচনে অংশ নিতে না পারলেও সে সময় তার স্ত্রী অ্যাডভোকেট হাসিনা আহমদ বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। এজন্য তিনি এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, জনগণের ভালোবাসাই তার রাজনৈতিক প্রেরণা।

পথসভায় উপস্থিত ছিলেন মাতামুহুরি (সাংগঠনিক) উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।