রাজনীতি
আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল
আওয়ামী লীগের নিরপরাধ সমর্থকদের পাশে বিএনপি থাকবে—এমন আশ্বাস দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে নিজের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের মোলানি বাজারে আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “এবার নৌকা নেই, নৌকা পালিয়ে গেছে। শেখ হাসিনা ভারত চলে গেছেন। কিন্তু মাঝখানে যারা তার সমর্থক ছিল, তাদের বিপদের মুখে ফেলে রেখে গেছেন। সেই বিপদে পড়া মানুষগুলোর পাশে আমরা দাঁড়িয়েছি।”
তিনি আরও বলেন, “আমি স্পষ্ট করে বলতে চাই—আপনারা ভয় পাবেন না। যারা অন্যায় করেছে, কেবল তারাই শাস্তি পাবে। আর যারা নিরপরাধ সাধারণ মানুষ, বিএনপি তাদের আগলে রাখবে।”
২০১৪ সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই সময় বিএনপির আন্দোলনের কারণে এই ছেপড়িকুড়ি এলাকায় প্রিসাইডিং অফিসার হত্যা মামলাকে কেন্দ্র করে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়েছিল। তীব্র শীতের মধ্যে দিনের পর দিন ধানখেতে ও খোলা জায়গায় রাত কাটাতে হয়েছে অনেককে। পরে আদালতের মাধ্যমে সেই সমস্যার নিষ্পত্তি হয়।
বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশে মানুষ এখন তুলনামূলক স্বস্তিতে থাকলেও পুরোপুরি স্বস্তি ফিরে আসেনি। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এখনো বড় সমস্যা। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে বলে তার মনে হয়েছে। তিনি বলেন, “এখন অন্তত রাতে শান্তিতে ঘুমাতে পারছি—এটাই বড় কথা।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আল্লাহর রহমতে যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় এবং মানুষ ঠিকভাবে ভোট দেওয়ার সুযোগ পায়, তাহলে একটি ভালো সরকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল জানান, বয়সের কারণে এটিই তার শেষ নির্বাচন হতে পারে। এ জন্য শেষবারের মতো ভোটারদের কাছে সমর্থন চান তিনি।
তিনি বলেন, “আগামী ১২ তারিখের নির্বাচনে আপনাদের ঠিক করতে হবে—আপনারা কী চান। যদি শান্তি, উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান, উন্নত সড়ক যোগাযোগ ও সন্তানদের কর্মসংস্থান চান, তাহলে পরীক্ষিত দল ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে।”