রাজনীতি

৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫০ পিএম

৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ দেওয়ার ব্যবস্থা করতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।

এ বিষয়ে মঙ্গলবার বিটিভির মহাপরিচালকের কাছে চিঠি পাঠিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।

চিঠিতে বলা হয়েছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সমান প্রচার-সুযোগ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ টেলিভিশনে প্রচারণার ক্ষেত্রে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নির্বাচনকালীন পরিবেশ সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখতে পারে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬ (জনসভা, পথসভা ও সমাবেশ অনুষ্ঠান)-এর উপবিধি (গ) অনুসরণ করে দলীয় প্রধানদের জন্য লিখিত আবেদন প্রাপ্তির সময়ের ক্রমানুসারে প্রচার স্লট নির্ধারণ করতে হবে। একই সঙ্গে প্রতিটি রাজনৈতিক দলের প্রধানের জন্য স্লট বরাদ্দ ও স্লটের মেয়াদ নির্ধারণ করবে বিটিভি। প্রচারণা রেকর্ডিংয়ের তারিখ ও সময় সংশ্লিষ্ট দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করার কথাও বলা হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, যেসব রাজনৈতিক দল বিটিভিতে প্রচারণার সুযোগ চাইবে, তাদের আবেদনের সময়ের ক্রমানুসারে বক্তব্য প্রদানের সুযোগ দিতে হবে। তবে বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আবেদন না পাওয়ায়, বিএনপির দলীয় প্রধান তারেক রহমানকে তাদের চাহিত ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে ভাষণ দেওয়ার সুযোগ দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

উল্লেখ্য, এবারের জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রচারণা চলবে ২০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।