রাজনীতি
বিএনপি সমালোচনার নয়, কাজে বিশ্বাসী : মির্জা ফখরুল
বিএনপি রাজনীতিতে সমালোচনার চেয়ে কাজকে বেশি গুরুত্ব দেয় বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি কুৎসা, মিথ্যাচার কিংবা গীবতের রাজনীতিতে বিশ্বাস করে না; বরং জনগণের কল্যাণে বাস্তবসম্মত কর্মসূচি বাস্তবায়নে বিশ্বাসী।
বুধবার সকাল ১১টায় ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনী এলাকার নারগুণ ইউনিয়নের কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বর্তমানে রাজনীতিতে একটি নতুন দল সামনে আসছে, যাদের অতীতে এভাবে দেখা যায়নি। তারা একসময় আমাদের সঙ্গেই ছিল, একসঙ্গে চলেছে, এখন নির্বাচনে অংশ নিচ্ছে। এতে বিএনপির কোনো আপত্তি নেই। তবে তিনি আহ্বান জানিয়ে বলেন, রাজনীতিতে আসতে হলে সত্য কথা বলতে হবে। মিথ্যা বলা, গীবতের মতো অপবাদ ছড়ানো এবং অন্যের বিরুদ্ধে কুৎসা রটানো থেকে বিরত থাকতে হবে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা তারেক রহমান এখন নেতৃত্বের ক্ষেত্রে জিয়ারই প্রতিচ্ছবি হয়ে উঠেছেন। দেশে ফিরে তারেক রহমান ঘোষণা দিয়েছেন- ‘আই হ্যাভ এ প্ল্যান’, অর্থাৎ দেশের জন্য তার একটি সুস্পষ্ট ও বাস্তবসম্মত পরিকল্পনা রয়েছে।
বিএনপি ক্ষমতায় এলে গৃহীত পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে ১ কোটি ছেলে-মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড চালু, কৃষকদের জন্য কৃষি কার্ড প্রবর্তন এবং সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে। এছাড়া এনজিও থেকে নেওয়া ঋণের বোঝা থেকে সাধারণ মানুষকে মুক্ত করতে বিএনপি সরকার দায়িত্ব নিয়ে সেই ঋণ পরিশোধ করবে বলেও জানান তিনি।
পথসভার শেষ পর্যায়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ১২ তারিখ সকালে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।