রাজনীতি

৮ ফেব্রুয়ারি বিএনপির শেষ নির্বাচনি জনসভা: রিজভী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৩ পিএম

৮ ফেব্রুয়ারি বিএনপির শেষ নির্বাচনি জনসভা: রিজভী
রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ৮ ফেব্রুয়ারি (রোববার) রাজধানীতে শেষ নির্বাচনি জনসভা করবে বিএনপি। ওইদিন দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথসভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, শেষ নির্বাচনি জনসভাকে সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকাসহ আশপাশের নির্বাচনি এলাকার বিএনপি প্রার্থীরা এই জনসভায় উপস্থিত থাকবেন।

একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের প্রত্যাশা জানিয়ে রিজভী বলেন, ‘দেশের মানুষ ধানের শীষকে শুধু একটি প্রতীক নয়, একটি আবেগ হিসেবে দেখে। সেই আবেগ নিয়েই আগামী ১২ ফেব্রুয়ারি মানুষ ভোট দেবে। আমরা আশা করি, ভোটাররা কোনো ভয়ভীতি ছাড়াই নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।’

বিএনপি সবসময় জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে উল্লেখ করে তিনি বলেন, ‘অতীতের ভয়াবহ নিপীড়নও বিএনপিকে দমন করতে পারেনি। সরকার বিভিন্ন অপকর্ম আড়াল করতে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, কিন্তু জনগণ সবকিছুই বুঝে।’

এ সময় তিনি আরও জানান, আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হবে। এছাড়া ৭ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উত্তরাঞ্চলের তিনটি জেলা সফর করবেন।