রাজনীতি

ক্ষমতায় গেলে যথাসময়ে পে-স্কেল বাস্তবায়ন করা হবে: তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৮ পিএম

ক্ষমতায় গেলে যথাসময়ে পে-স্কেল বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যথাসময়ে নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিভিশনে দেওয়া জাতির উদ্দেশে ভাষণে তিনি এ প্রতিশ্রুতি দেন।

ভাষণে তারেক রহমান বলেন, একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে প্রতিটি খাত ও প্রতিটি শ্রেণি-পেশার মানুষের প্রয়োজন বিবেচনায় রেখে বিএনপি পরিকল্পনা প্রণয়ন করেছে। তিনি বিএনপির ঘোষিত ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির বিষয়েও বক্তব্য দেন।

তিনি জানান, ক্ষমতায় গেলে দেশের প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। প্রথম ধাপে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও নিম্ন আয়ের পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে প্রতিমাসে আড়াই হাজার টাকা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সহায়তা দেওয়া হবে।

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, সরকার গঠন করা সম্ভব হলে শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের জন্য ছয় মাস থেকে সর্বোচ্চ এক বছর অথবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বিশেষ আর্থিক ভাতা প্রদান করা হবে।

বেকার সমস্যা সমাধান প্রসঙ্গে তারেক রহমান জানান, ব্যাংক, বীমা ও পুঁজিবাজারসহ দেশের অর্থনৈতিক খাতগুলোর সংস্কার, অঞ্চলভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করা এবং শিল্প ও বাণিজ্যে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে দেশে ও বিদেশে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি বলেন, নাগরিকের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক লাখ ‘হেলথ কেয়ার’ কর্মী নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে ৮০ শতাংশ নারী হবেন।

তারেক রহমান অভিযোগ করে বলেন, ফ্যাসিবাদী সরকারের সময় বছরে প্রায় ১৬ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে। এই অর্থ পাচার বন্ধ করা গেলে কৃষক কার্ডসহ বিভিন্ন সামাজিক খাতে অর্থায়ন করা কঠিন হবে না বলেও মন্তব্য করেন তিনি।