রাজনীতি
এতোটা উৎসবমুখর হবে এবারের ভোট কেউ ভাবেনি: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এবার ভোট এতটা উৎসবমুখর হবে—এটা কেউ ভাবেনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল জানান, সারাদিনে তিনি প্রায় শতাধিক কেন্দ্র ঘুরে দেখেছেন এবং এখন পর্যন্ত নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। ভোটারদের আগ্রহ ও উচ্ছ্বাস তাকে আশাবাদী করেছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, নির্বাচনে ভালো ফলাফল আসবে বলে তার বিশ্বাস। জনগণ একটি নির্বাচিত সরকার ও কার্যকর পার্লামেন্ট পাবে—এ প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি। দীর্ঘ ১৬ বছরের আন্দোলন-সংগ্রামের কথা স্মরণ করে বিজয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।
এদিকে জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ঠাকুরগাঁওয়ের তিনটি সংসদীয় আসনে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে দুইজন নারী প্রার্থী। ঠাকুরগাঁও-২ আসনে সাতজন এবং ঠাকুরগাঁও-৩ আসনে দশজন প্রার্থী রয়েছেন।
তিনটি আসন মিলিয়ে জেলায় মোট ভোটার সংখ্যা ১২ লাখ ৫৫ হাজার ১৭ জন। এর মধ্যে নারী ভোটার ৫ লাখ ৯৮ হাজার ৪৮৮ জন, পুরুষ ভোটার ৬ লাখ ৭০ হাজার ২২ জন এবং হিজড়া ভোটার ৭ জন। এছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ১০ হাজার ২৯২ জন ভোটার—যাদের মধ্যে নারী ২ হাজার ৩২৬ জন এবং পুরুষ ৭ হাজার ৯৬৬ জন।