রাজনীতি

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৬ এএম

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট। ২৯৯টি আসনের মধ্যে ২৯৬ টির ফল ঘোষণা শেষে দেখা গেছে, বিএনপি নেতৃত্বাধীন জোট ২১৩টি আসনে জয় পেয়েছে। ফলে দলটির নেতৃত্বে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হওয়ার আভাস মিলেছে। দলীয় সূত্র জানায়, দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিবেন।

নির্বাচনের ফল ঘোষণার পর তাৎক্ষণিকভাবে বিজয় মিছিল না করার নির্দেশনা দিয়েছে বিএনপি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশব্যাপী মসজিদে বাদজুমা শুকরিয়া আদায় ও বিশেষ দোয়ার আয়োজন করা হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার ব্যবস্থা থাকবে।

ইতিহাসের প্রেক্ষাপটে এই নির্বাচন তাৎপর্যপূর্ণ। সর্বশেষ ১৯৮৮ সালে পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন কাজী জাফর আহমেদ। ১৯৯০-এর পর থেকে টানা নারী নেতৃত্বে সরকার পরিচালিত হয়। দীর্ঘ সময় প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া ও শেখ হাসিনা। প্রায় সাড়ে তিন দশক পর আবারও পুরুষ নেতৃত্বে সরকার গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে।

সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় গণনা কার্যক্রম। শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত থাকায় ২৯৯টি আসনে ভোট হয়। মোট ২ হাজার ২৯ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন, যার মধ্যে দলীয় ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৪ জন। নারী প্রার্থী ছিলেন ৮৩ জন।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭৭ লাখের বেশি। পুরুষ, নারী ও হিজড়া ভোটার মিলিয়ে এ বিশাল অংশগ্রহণ নির্বাচনকে ঘিরে দেশজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি করে। বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য ১২৪টি দেশে পাঠানো হয় পোস্টাল ব্যালট।

চূড়ান্ত ফল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।