রাজনীতি

মানিকগঞ্জ-১: ধানের শীষের প্রার্থী এস. এ. জিন্নাহর ঐতিহাসিক জয়


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৭ পিএম

মানিকগঞ্জ-১: ধানের শীষের প্রার্থী এস. এ. জিন্নাহর ঐতিহাসিক জয়
মানিকগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী এস. এ. জিন্নাহ কবির। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনিত প্রার্থী জনাব এস. এ. জিন্নাহ কবির বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। ১৮ বছর পর আসনটি পুনরুদ্ধার করেছেন তিনি। ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার মানুষের মধ্যে এখন বইছে বিজয়ের জোয়ার ও উল্লাস। নেতা-কর্মীদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

নিজ এলাকার জনগণ এবং সকল নেতা-কর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জিন্নাহ কবির বলেন, “এই এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ে সর্বদা কাজ করে যাব।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনে বিএনপির ধানের শীষ প্রার্থী এস. এ. জিন্নাহ কবির ১ লাখ ৩৭ হাজার ৭৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী মো. তোজাম্মেল হক, ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৭৭ হাজার ৮১৮ ভোট। এছাড়া জামায়াতে ইসলামী প্রার্থী আবু বকর সিদ্দিক, দাঁড়িপাল্লা প্রতীকে ৭১ হাজার ৩১০ ভোট পান।

প্রাপ্ত ভোটের ব্যবধান প্রায় ৭০ হাজার হওয়ায় জিন্নাহ কবির বিজয় লাভ করেছেন। এই জয়ের মাধ্যমে বিএনপি ২০০৮ সালের পর দীর্ঘ ১৮ বছর পর মানিকগঞ্জ-১ আসনে প্রাধান্য ফিরে পেয়েছে। স্থানীয়রা এই বিজয়কে ভূমিধস এবং ঐতিহাসিক হিসেবে দেখছেন।

উল্লেখ্য, মানিকগঞ্জ-১ আসনটি তিনটি উপজেলা—ঘিওর, দৌলতপুর ও শিবালয়—মিলিয়ে গঠিত। এর আগে ধারাবাহিকভাবে এই আসনটি আওয়ামী লীগের দখলে ছিল এবং জাতীয় নির্বাচনে বিএনপির কোনো প্রার্থী জয়ী হতে পারেনি। নির্বাচনে এই বিশাল ব্যবধানের জয়ে বিএনপি স্থানীয় রাজনৈতিক চিত্রে শক্ত অবস্থান ফিরে পেয়েছে।