রাজনীতি

প্রধানমন্ত্রীকে দৌড়ে সালাম দেওয়ার ব্যাখ্যা দিলেন ছাত্রদল সভাপতি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৯ পিএম

প্রধানমন্ত্রীকে দৌড়ে সালাম দেওয়ার ব্যাখ্যা দিলেন ছাত্রদল সভাপতি
ছবি: সংগৃহীত

অমর একুশে বইমেলা উদ্বোধনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দৌড়ে সালাম দেওয়ার ঘটনায় ব্যাখ্যা দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বুধবার বিকেলে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলা উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী বাংলা একাডেমিতে আসার সময় ছাত্রদলের নেতাকর্মীরা গাড়িবহরকে স্বাগত জানান। অনুষ্ঠান শেষে গাড়িবহর ফিরতি পথে প্রধানমন্ত্রীকে দৌড়ে সালাম দিতে দেখা যায় রাকিবকে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।

শুক্রবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে রাকিব লিখেছেন, “গতকাল দুপুর ১২.৩০টা থেকে ৩.৩০টা পর্যন্ত আমি ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে বাংলা একাডেমি চত্বর এলাকায় উপস্থিত ছিলাম। প্রধানমন্ত্রী প্রবেশের আগেই আমি তাকে সালাম করেছি, হাজার হাজার নেতাকর্মীর ভিড় ঠেলে গাড়ির সামনে ছিলাম এবং উপস্থিত নেতা হিসেবে প্রথম করমর্দন করেছি। তার গাড়িকে স্টেজ পর্যন্ত পৌঁছে দিতে সার্বিক পরিস্থিতি স্বল্প বাক্যে বর্ণনা করেছি।”

তিনি আরও জানান, বইমেলা উদ্বোধনের সময় ফিতা কাটার অনুষ্ঠানে, প্রতিটি স্টল ঘুরে দেখার সময়, ছাত্রদলের স্টলে ম্যাগাজিন পৌঁছে দেওয়ার সময়ও তিনি প্রধানমন্ত্রী পাশে ছিলেন। শেষ মুহূর্তে দৌড়ে সালাম দেওয়া হয়েছে মাত্র ৫–৭ সেকেন্ডের জন্য, কারণ গাড়ি দ্রুত চলছিল এবং তাকে অন্যান্য নেতাকর্মীদের পরিচয় দিতে হয়।

রাকিব উল্লেখ করেন, “আমি চাইলে শেষ মুহূর্তে সালাম না দিতেও পারতাম। তবে সারাক্ষণ তার পাশে থাকার পর সামান্য সময়েই সালাম ও করমর্দন করেছি। এটি পুরো সময়ের ২ ঘণ্টা ৫৯ মিনিট ৫০ সেকেন্ডের একটি মুহূর্তের ছোট অংশ। কিন্তু এটি শুধু নেগেটিভভাবে হাইলাইট করা হয়েছে।”

তিনি সাংবাদিকদের সমালোচনা করে আরও বলেন, দীর্ঘদিন পর এ ধরনের কাজে লিপ্ত অপসাংবাদিকতার মাধ্যমে শুধুমাত্র ১০ সেকেন্ডের মুহূর্তকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে, যা তার দৃষ্টিকোণ থেকে যথার্থ নয়।