রাজনীতি
ত্রয়োদশ সংসদের স্পিকার হচ্ছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হচ্ছে। অধিবেশনের শুরুতেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, নতুন স্পিকার হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি শেষ মুহূর্ত পর্যন্ত বিষয়টি গোপন রাখলেও দলীয় পর্যায়ে এ বিষয়ে সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে ডেপুটি স্পিকার পদে আলোচনায় রয়েছেন নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল এবং বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও নবনিযুক্ত চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
সংসদ সচিবালয় জানিয়েছে, আগের স্পিকারের অনুপস্থিতিতে প্রথমে স্পিকারের চেয়ার শূন্য রেখেই অধিবেশন শুরু হবে। এরপর সংসদের বিধি অনুযায়ী একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যের সভাপতিত্বে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন হবে। নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রপতি তাদের শপথ পড়াবেন।
সংসদীয় গণতন্ত্রের রীতি অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় প্রার্থী মনোনয়নের মূল সিদ্ধান্ত প্রধানমন্ত্রী ও সংসদ নেতার ওপর নির্ভর করছে।
স্পিকার হতে যাওয়া মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের রয়েছে দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত জীবন। মহান মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতার জন্য তিনি রাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ বীরত্ব পদক বীর বিক্রম লাভ করেন। তরুণ বয়সে তিনি পাকিস্তান জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ও অধিনায়ক ছিলেন এবং ১৯৬৪ সাল থেকে পরপর তিনবার পূর্ব পাকিস্তানের দ্রুততম মানব হিসেবে পরিচিতি পান।
রাজনৈতিক জীবনে তিনি ১৯৮৬ ও ১৯৮৮ সালে ভোলা-৩ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ১৯৯১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একই আসন থেকে বিজয়ী হন। ১৯৯২ সালে বিএনপিতে যোগ দেওয়ার পর ১৯৯৬ সালের নির্বাচনেও দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময় তিনি বাণিজ্য প্রতিমন্ত্রী, পাটমন্ত্রী এবং পানিসম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে তিনি দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য।
৮১ বছর বয়সী এই বর্ষীয়ান রাজনীতিবিদ বর্তমানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করছেন এবং এবার সপ্তমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।