রাজনীতি

সংগঠনকে শক্তিশালী করতে ছাত্রদলের একযোগে ২৯ কমিটি অনুমোদন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৬, ১১:৩৪ এএম

সংগঠনকে শক্তিশালী করতে ছাত্রদলের একযোগে ২৯ কমিটি অনুমোদন
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংগঠনিক ইউনিটে কার্যক্রম জোরদার করতে একযোগে ২৯টি কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার (২ মে) কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটিগুলোর মধ্যে পূর্ণাঙ্গ, আংশিক এবং বর্ধিত—তিন ধরনের কাঠামোই রয়েছে। উচ্চশিক্ষা খাতে সাতটি বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক পুনর্গঠন করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে বরিশাল, রবীন্দ্র, কিশোরগঞ্জ ও পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে আংশিক কমিটি এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ধিত কমিটি দেওয়া হয়েছে।

মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যেও সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে ময়মনসিংহ, সিরাজগঞ্জ ও জামালপুর মেডিকেল কলেজে আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।

মহানগর ও জেলা পর্যায়েও বড় ধরনের পরিবর্তন এসেছে। ঢাকা মহানগরের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখাসহ একাধিক মহানগরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ময়মনসিংহ মহানগর, ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা এবং জামালপুর মহানগরেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এছাড়া নেত্রকোনা, নরসিংদী, হবিগঞ্জ, খাগড়াছড়ি ও মানিকগঞ্জ জেলা কমিটিও অনুমোদন পেয়েছে।

কলেজ পর্যায়ে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কমিটি পুনর্গঠন করা হয়েছে। এর মধ্যে আনন্দমোহন কলেজ-এ পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। অন্যদিকে জয়পুরহাট সরকারি কলেজ, হাজী মিছির আলী ডিগ্রি কলেজ ও নারায়ণগঞ্জ কলেজে আংশিক কমিটি এবং ঢাকা কলেজ-এ বর্ধিত কমিটি অনুমোদন করা হয়েছে।