রাজনীতি

পদ ফিরে পেলেন ঢাবির ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৬, ০২:১৭ পিএম

পদ ফিরে পেলেন ঢাবির ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম
শেখ তানভীর বারী হামিম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল–এর সিদ্ধান্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম পুনরায় সাংগঠনিক দায়িত্ব ফিরে পেয়েছেন। তার বিরুদ্ধে দেওয়া পূর্বের অব্যাহতি আদেশ প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের দপ্তর সম্পাদক (সহ-সভাপতির পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী হামিমের ওপর আরোপিত সাংগঠনিক অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে এবং এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এখন থেকে দলীয় কার্যক্রম পরিচালনায় তার ওপর আর কোনো ধরনের সাংগঠনিক বাধা থাকছে না। এ সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

এর আগে চলতি বছরের ৪ মার্চ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শেখ তানভীর বারী হামিমকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। সে সময় কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের সিদ্ধান্ত ও শীর্ষ নেতৃত্বের অনুমোদনের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এরও আগে ২৭ ফেব্রুয়ারি রাতে হামিমকে কারণ দর্শানোর নোটিশ দেয় কেন্দ্রীয় ছাত্রদল। নোটিশে দলীয় নীতি ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছিল।