রাজনীতি

মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৫:১৪ পিএম

মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি নিয়মিত থেরাপি ও পুনর্বাসন কার্যক্রমে অংশ নিচ্ছেন।

সোমবার (২৯ জুন) বিএনপির গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সোমবার সকালে থেরাপি শেষে স্ত্রীকে সঙ্গে নিয়ে একটি উন্মুক্ত স্থানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন মির্জা আব্বাস। এ সময় তিনি হালকা শারীরিক ব্যায়ামও করেন।

শায়রুল কবির খান জানান, বর্তমানে মালয়েশিয়ার একটি বিশেষায়িত পুনর্বাসন কেন্দ্রে নিয়মিত পায়ের থেরাপি নিচ্ছেন মির্জা আব্বাস। চিকিৎসকরা তাকে নিয়মিত শারীরিক চিকিৎসা, হাঁটাচলা এবং হালকা ব্যায়াম চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

দলীয় সূত্রের দাবি, পুনর্বাসন কার্যক্রমে তিনি ইতিবাচক সাড়া দিচ্ছেন এবং চিকিৎসকদের নির্দেশনা মেনে চিকিৎসা গ্রহণ করছেন।

গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

এরপর ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য আকাশপথে বিশেষ চিকিৎসা সেবার মাধ্যমে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে প্রায় এক মাস চিকিৎসা শেষে অবস্থার উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে পুনর্বাসন চিকিৎসার জন্য মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই বিশেষায়িত পুনর্বাসন চিকিৎসা নিচ্ছেন তিনি।