রাজনীতি

রাষ্ট্রপতি পদত্যাগ করবেন, আমারও মনে হয়নি: রুহুল কবির রিজভী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৬:৫১ পিএম

রাষ্ট্রপতি পদত্যাগ করবেন, আমারও মনে হয়নি: রুহুল কবির রিজভী
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি নিজের কাছেও অপ্রত্যাশিত ছিল বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, এ নিয়ে গণমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রচার চললেও বাস্তবে এমন সিদ্ধান্ত হবে তা আগে থেকে তিনি ধারণা করেননি।

শনিবার বিভিন্ন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত বিএনপির ১২ জন নেতাকে সঙ্গে নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়া-এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে রিজভী জানান, পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, “রাষ্ট্রপতি পদত্যাগ করবেন এমনটা আমার মনে হয়নি। তবে গণমাধ্যমে যেভাবে বিষয়টি আলোচনায় ছিল, শেষ পর্যন্ত সেটাই ঘটেছে। আমরা যতটুকু তথ্য পেয়েছি, সেটির মধ্যেই সীমাবদ্ধ থাকছি।”

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন এ বিষয়ে তিনি জানান, এটি দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সিদ্ধান্তের বিষয় এবং এ বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে কিছু জানেন না। পাশাপাশি রাষ্ট্রপতির বিরুদ্ধে গণমাধ্যমে যে আলোচনা চলছে, সে সম্পর্কেও দল আনুষ্ঠানিকভাবে কিছু জানে না বলে মন্তব্য করেন তিনি।

সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিএনপির নেতাদের দায়িত্ব দেওয়ার বিষয়ে রিজভী বলেন, যারা দায়িত্ব পেয়েছেন তারা দীর্ঘদিন ধরে দলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং প্রত্যেকেই যোগ্য। তিনি আশা প্রকাশ করেন, তারা সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং কোনো প্রলোভনে পা দেবেন না।

তিনি আরও বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তরুণদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন। সেই ধারাবাহিকতায় আন্দোলন-সংগ্রামে অবদান রাখা নেতাদের মূল্যায়ন করেই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

রিজভী জানান, সরকারের পক্ষ থেকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা এবং তরুণদের কর্মসংস্থান বাড়াতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তার দাবি, এসব উদ্যোগের ফলে তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তিনি বলেন, বেকারত্ব কমাতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

নবনিযুক্তদের উদ্দেশে তিনি বলেন, সততা, দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করে তাদের প্রমাণ করতে হবে যে রাজনৈতিক নেতৃত্বও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সফলভাবে পরিচালনা করতে সক্ষম।