রাজনীতি

সাত বছর পর ডাকসুর জিএস পদ ফিরে পেলেন রাশেদ খাঁন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১১:৩১ পিএম

সাত বছর পর ডাকসুর জিএস পদ ফিরে পেলেন রাশেদ খাঁন
ছবি: সংগৃহীত

দীর্ঘ সাত বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) পদ ফিরে পেলেন ছাত্র অধিকার আন্দোলনের নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব মো. রাশেদ খাঁন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর এমফিলের ছাত্রত্ব নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে তার ছাত্রত্ব অবৈধ প্রমাণিত হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট থেকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হওয়ায় তার ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত নেয় একাডেমিক কাউন্সিল।

এরপর একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের ভিত্তিতে গোলাম রাব্বানীর ডাকসু জিএস পদও বাতিল করা হয়। একই সঙ্গে ২০১৯ সালের ডাকসু নির্বাচনে জিএস পদে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া মো. রাশেদ খাঁনকে ওই পদে ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

পদ ফিরে পাওয়ার বিষয়ে রাশেদ খাঁন বলেন, সাত বছর পর জিএস পদ ফিরিয়ে দেওয়ায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। দীর্ঘদিন পর তদন্তের মাধ্যমে গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল করায় প্রশাসনের সিদ্ধান্তকেও স্বাগত জানান তিনি।

২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে জিএস পদে ১০ হাজার ৪৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন তৎকালীন ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী। ওই নির্বাচনের ফলাফল নিয়ে সে সময় নানা বিতর্কও সৃষ্টি হয়েছিল।

নির্বাচনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেল থেকে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করে ৬ হাজার ৬৩ ভোট পেয়েছিলেন রাশেদ খাঁন। তিনি এ পদে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছিলেন।

অন্যদিকে, সহসভাপতি পদে ১১ হাজার ৬২ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন নুরুল হক নুর। সাবেক এই ছাত্রনেতা বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।