রাজনীতি

জামায়াতের আমির সবসময় মিথ্যা কথা বলেন: রাশেদ খাঁন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১০:১২ এএম

জামায়াতের আমির সবসময় মিথ্যা কথা বলেন: রাশেদ খাঁন
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, জামায়াতের আমির সবসময় মিথ্যা কথা বলেন। জামায়াতের নেতারা তাকে দরবেশ ভাবতে পারেন, কিন্তু তিনি একের পর এক রাজনৈতিক মিথ্যাচার করে যাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ উপজেলার চাপরাইল আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে আয়োজিত বিনামূল্যে চিকিৎসাসেবা শিবিরের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, জামায়াতের আমির জাসদ ছাত্রলীগ করতেন, সন্ত্রাস করেছেন এবং মিথ্যা কথা বলেছেন। জামায়াতে যোগ দেওয়ার পর তিনি মিথ্যা বলা ছেড়ে দিয়েছেন কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।

তিনি আরও বলেন, জামায়াত ও আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে প্রস্তুত রয়েছেন।

রাশেদ খাঁন বলেন, ১৯৯৬ ও ১৯৮৬ সালে আওয়ামী লীগের সঙ্গে জোট করেছিল জামায়াত। এখন আবার তারা এক হয়েছে। জামায়াত ও আওয়ামী লীগ মিলে বিএনপি সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেন তিনি।

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির ঘটনা নিয়েও কথা বলেন রাশেদ খাঁন। তিনি বলেন, রাজশাহী সফরকালে এক যুবক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্নাইপার দিয়ে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন। এই ঘটনার পেছনে বিরোধী দলের উসকানি রয়েছে কি না, তা খতিয়ে দেখা উচিত।

তার দাবি, বিরোধী দলের উসকানি ও বিতর্কিত অবস্থানের কারণে ওই যুবক প্রধানমন্ত্রীকে নিয়ে এমন মন্তব্য করার উৎসাহ পেয়েছেন।

অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, যুগ্ম সদস্যসচিব ইলিয়াস রহমান মিঠু, কলেজের অধ্যক্ষ মশিয়ার রহমানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।