রাজনীতি
জামায়াতে ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান হেফাজত আমির বাবুনগরীর
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর বিপক্ষে অবস্থান নিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। তিনি দলটির বিরুদ্ধে অবস্থান নিয়ে সরাসরি ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হাটহাজারী উপজেলা হেফাজতের আয়োজিত ‘শানে রেসালাত সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।
সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে হেফাজত আমির বলেন, “যারা পূজা আর রোজাকে এক জিনিস মনে করে, তারা ইসলাম নিয়ে কী বোঝে? এমন বিভ্রান্তিকর মতাদর্শ ইসলাম নয়। সামনে নির্বাচনে এমন কাউকে ভোট দেওয়া যাবে না যারা কুফরি শক্তিকে প্রতিষ্ঠিত করতে চায়।”
তিনি আরও বলেন, নবী-রাসুলদের দেখানো পথই সোজা পথ। সাহাবায়ে কেরাম ছিলেন সত্য ও ন্যায়ের মানদণ্ড। তাদের দেখানো পথে চললেই দুনিয়া ও আখিরাতে সফলতা আসবে।
এ বক্তব্যের মাধ্যমে হেফাজত আমির স্পষ্ট বার্তা দিলেন, জামায়াতে ইসলামী ও তাদের অবস্থান থেকে সতর্ক থাকার জন্য।