রাজনীতি
৪৮ ঘণ্টার মধ্যে সব প্রচারসামগ্রী সরাতে কর্মীদের নির্দেশ দিলেন জামায়াত আমির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দলীয় নেতা–কর্মীদের প্রতি সকল নির্বাচনী প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নির্বাচনকে সুষ্ঠু ও সফল করতে যৌক্তিক সব সহযোগিতার প্রস্তুতির কথাও উল্লেখ করেন।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, ঘোষিত আরপিও অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের প্রচার উপকরণ নিজ দায়িত্বে সরিয়ে ফেলতে হবে। তিনি দেশের সব স্তরের দায়িত্বশীল ও কর্মীদের এই নির্দেশনা পালনের আহ্বান জানান।
এর আগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ ও জাতীয় সনদ বাস্তবায়নসংক্রান্ত গণভোটের তফসিল ঘোষণা করে। একই দিনে নির্বাচন করার সিদ্ধান্ত জানান সিইসি এ এম এম নাসির উদ্দিন। তফসিল ঘোষণার পর সারা দেশে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ছেয়ে গেলেও এগুলো ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে ইসি।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন ১০ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগের সচিবকে এ বিষয়ে একটি চিঠি পাঠান। চিঠিতে বলা হয়, পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ, প্যান্ডেল, আলোকসজ্জা এবং নির্বাচনী ক্যাম্প—এ ধরনের যেকোনো নির্বাচনী প্রচারসামগ্রী তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সরাতে হবে।
এ নির্দেশনা বাস্তবায়নে সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।