রাজনীতি
আওয়ামী লীগের যারা অপরাধ করেনি, তাদের নিরাপত্তার দায়িত্ব সরকারের: ফয়জুল করীম
আওয়ামী লীগের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে কোনো অপরাধ বা মামলা নেই, তাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব- এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে, কিন্তু দলটির কর্মী-সমর্থকদের নাগরিক অধিকার বাতিল করেনি। ফলে যারা কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নন এবং যাদের বিরুদ্ধে মামলা নেই, তাদের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের।
আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দেবেন- এ বিষয়ে জানতে চাইলে ফয়জুল করীম বলেন, যারা মানুষের জানমাল, ইজ্জত ও ব্যবসা-বাণিজ্যের নিরাপত্তা দিতে পারবে, জনগণ তাদেরই ভোট দেবে।
জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পর্ক ও নির্বাচনী সমঝোতা প্রসঙ্গে তিনি জানান, জামায়াতের আমিরের প্রতি সম্মান দেখিয়ে তার আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী দেয়নি। পাল্টা হিসেবে জামায়াতও তাদের প্রার্থী প্রত্যাহার করেছে বলে উল্লেখ করেন তিনি এবং এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নতুন কোনো রাজনৈতিক জোটে যাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ফয়জুল করীম বলেন, আপাতত নতুন করে কোনো জোট গঠনের সুযোগ নেই। তবে ভবিষ্যতে যদি কেউ ইসলামী শরিয়াহভিত্তিক আইন প্রণয়নের উদ্যোগ নেয়, সেক্ষেত্রে আবারও জোট হতে পারে। তিনি বলেন, ইসলামের পক্ষে একটি প্রতীক নিশ্চিত করাই ছিল তাদের লক্ষ্য, যা এখন হাতপাখা প্রতীকের মাধ্যমে অর্জিত হয়েছে।
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কি না— এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রতীক বরাদ্দের পর কোনো প্রার্থী বা তার সমর্থকদের হয়রানি করা হলে সুষ্ঠু ও সমান মাঠ বজায় থাকবে না। তাই হয়রানি বন্ধ করাই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার শর্ত।