রাজনীতি

চার দিনের সফরে মালয়েশিয়া গেলেন মামুনুল হক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পিএম

চার দিনের সফরে মালয়েশিয়া গেলেন মামুনুল হক
ছবি: সংগৃহীত

চার দিনের সফরে মালয়েশিয়া গেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বৃহস্পতিবার ২২ অক্টোবর রাতে তিনি মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছাড়েন।

সফরে তার সঙ্গে রয়েছেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, ময়মনসিংহ ২ আসনের সংসদ সদস্য ও দলের কেন্দ্রীয় নেতা মুফতি মোহাম্মদুল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ।

সফরকালে তারা বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক কর্মসূচি, সীরাত মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। এ সময় মামুনুল হক মালয়েশিয়ার বিভিন্ন ইসলামি ব্যক্তিত্ব ও ইসলামপন্থি রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

এ ছাড়া সফরসূচিতে দেশটির বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচি রয়েছে।

বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও দেশটির গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে সফরকারীদের।

শুক্রবার ২৩ অক্টোবর মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ স্থানীয় মসজিদে জুমার নামাজের ইমামতি করবেন মাওলানা মামুনুল হক।

সফর শেষে আগামী ২৬ অক্টোবর বাংলাদেশ সময় রাতে তাদের দেশে ফেরার কথা রয়েছে।