রাজনীতি
জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি পদ থেকে দেলোয়ার জালালীর পদত্যাগ
জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের প্রেস সেক্রেটারি পদ থেকে পদত্যাগ করেছেন খন্দকার দেলোয়ার জালালী। ব্যক্তিগত অসুবিধার কারণ দেখিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
সোমবার (১ সেপ্টেম্বর) পার্টি চেয়ারম্যান বরাবর পাঠানো এক পদত্যাগপত্রে তিনি আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
পত্রে দেলোয়ার জালালী লিখেছেন, “আমি ২০১৮ সালের ৫ এপ্রিল জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন শুরু করি। পরে পল্লীবন্ধুর মৃত্যুর পর আপনার (চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের) প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছি। এত বড় একটি রাজনৈতিক দলের প্রেস উইং একা সামলাতে সর্বোচ্চ চেষ্টা করেছি। তবে সম্প্রতি জাতীয় পার্টির প্রেস উইং সংক্রান্ত কিছু ব্যর্থতা ও দুর্বলতা নিয়ে যেভাবে আলোচনা হয়েছে, তার দায় আমি এড়াতে পারি না।”
তিনি আরও লেখেন, “সেই প্রেক্ষিতে এবং ব্যক্তিগত অসুবিধার কারণে আমি প্রেস সেক্রেটারি পদ থেকে পদত্যাগ করছি।”
চিঠির শেষদিকে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও রাজনৈতিক সফলতা কামনা করেন তিনি।